কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে সেভেন ডিলাক্স নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দিলীপ রায়। তিনি নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন দিলীপ। পথিমধ্যে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন ডিলাক্স বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।