আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এসএসসি ব্যাচ টিম ’৯১।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) কলাপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম শুরু হয়। প্রচারণার অংশ হিসেবে এসএসসি ব্যাচ টিম ’৯১ ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে।
এসএসসি ব্যাচ টিম ’৯১-এর নেতৃবৃন্দ বলেন, “আমরা একই শিক্ষাজীবনের সহপাঠী হিসেবে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি।” তারা আরও বলেন, জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে কলাপাড়া-রাঙ্গাবালীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন।
প্রচারণাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপকূলীয় এই জনপদ অবহেলিত। মানুষের ন্যায্য অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।
এ সময় এসএসসি ব্যাচ টিম ’৯১-এর সদস্যরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ইতোমধ্যেই ব্যাপক গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শিক্ষিত মহল স্বতঃস্ফূর্তভাবে তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে।