পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তন ‘পায়রা’য় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টায় পৌর শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের বিদেহী আত্মার শান্তি, জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খেপুপাড়া এতিমখানা হাফেজিয়া নুরানী মাদ্রাসায় প্রীতিভোজের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে শহরে র্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।