পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনসিসি নৌ শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়।
কর্মসূচির অংশ হিসেবে সৈকতে অবস্থানরত পর্যটক, বিচ ক্রিম বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী ও অটোভ্যান চালকদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সৈকত পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন বিএনসিসি নৌ শাখার ক্যাডেটরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। ক্যাডেটরা পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবার সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরেন।
এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে কুয়াকাটা পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পৌরসভার সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে কুয়াকাটা সমুদ্র সৈকত আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।