ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং নিবন্ধন সম্পন্ন করেছেন—তাদের সবাইকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি সচিব বলেন, সর্বশেষ হালনাগাদে পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, নিবন্ধনে উদ্বুদ্ধকরণ এবং ধারাবাহিক প্রচারণার ফলেই ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি।
ইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে বর্তমান সংখ্যায়।